সরকারি প্রণোদনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্তির দাবি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি
গম্প্রতি অকাল বন্যায় নেত্রকোনার শতভাগ হাওরবেষ্টিত উপজেলাসহ দশ উপজেলার কৃষকদের বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো কৃষক তাদের কষ্টার্জিত ফসলের শতভাগ হারিয়ে যখন দিশেহারা তখন সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভূর্তি বা প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়। সরকারের সাহায্যের ঘোষণার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার হলেও তা বাস্তবায়ন ও তালিকা প্রনোয়নের সময় কৃষকদের সেই আশার মধ্যে হতাশা দেখা দিয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুতের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় নাম উঠে এসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনদের নাম। যেখানে জেলার অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়ে যায়। গম্প্রতি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন করেন শহস্রাধিক ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ। এ সময় তারা সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা পুনঃরায়প্রস্তুত করার দাবি জানান। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলার ৭৩ হাজারেরও বেশি কৃষকের বোরো ধানের ক্ষতি হয়েছে এবং যার আর্থিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩শ ৭২ কোটি টাকা। জেলার সঠিক ক্ষয়ক্ষতি নির্ণয়ে গাফিলতির অভিযোগ তুলেছেন অনেক কৃষক। হাওর রক্ষা আন্দোলনের নেতা মো. নুরুল আমিন বলেন, জেলার প্রায় সব কটি উপজেলায়ই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতে অনিয়ম হয়েছে। এই নিয়ে বিভিন্ন উপজেলায় নিবার্হী কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিলেও তার এখনো তদন্ত শুরু হয়নি। কৃষকদের এই ক্ষতির তালিকা তৈরিতে স্বজনপ্রীতি দুঃখজনক দাবি করে এই তালিকা পুনরায় করার দাবি জানান। কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, তালিকা প্রস্তুতের সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কৃষি বিভাগের লোকজন নিয়ে করা হয়েছে। অনিয়ম হয়ে থাকলে সেটি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আমরা সারা জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করেছিলাম ৫৭ হাজারেরও বেশি কিন্তু মন্ত্রণালয় ৪০ হাজার কৃষকদের প্রণোদনা দিয়েছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রণালয় যদি পুনরায় তালিকা করতে বলে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
