৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ জোরদার করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০টি ফুটবল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩৫০টি স্কুল, মাদ্রাসা ও কলেজে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হচ্ছে।

গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার।

বর্তমান রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা ও অনুপ্রেরণায় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, আমার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে আমরা ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছি। গাজীপুরের মানুষের সেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।