‘দূষিত বর্জ্য বন্ধে কারখানা এলাকায় টিম গঠন করতে হবে’
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পানি দূষণ বন্ধে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) ব্যবহার অত্যন্ত জরুরি। তিনি বলেন, চেষ্টা করা হবে যাতে নতুন করে কোনো মিল-কারখানার দূষিত বর্জ্যরে পানি আশপাশের কৃষিজমিতে না যায়। এ জন্য প্রতিটি কারখানা এলাকায় টিম গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ও উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভালুকার শিল্পাঞ্চলের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সঙ্গে সম্পর্কিত প্রায় সব প্রাণপ্রকৃতি বিলীন হওয়ার পথে।
তিনি বলেন, পরিদর্শনে দেখা গেছে কারখানার আশপাশে দূষিত বর্জ্যে পুরো এলাকা সয়লাব হয়ে গেছে। বিশেষ করে ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারি ফ্যাশন ও মুলতাজিম নামের তিনটি কারখানার কারণে প্রায় সাড়ে তিনশ একর জমি অনাবাদি হয়ে পড়েছে, এতে প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, এসব কারখানার বর্জ্য পানির নালাগুলো আজকের মধ্যেই সিলগালা করে দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, কোনো অবস্থাতেই কারখানার অপরিশোধিত বর্জ্য পানি খাল, নদী বা জলাশয়ে ফেলা যাবে না। তিনি বলেন, সরকার কোনো পক্ষের প্রতিপক্ষ হতে চায় না, তবে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন করে দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তার আলোকে তথ্য-উপাত্ত যাচাই করে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং সুজলা-সুফলা জনপদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
