ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাক্তার বাকি মির্জা হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার অধিবাসী ও একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ জাকারিয়া মাসুদ ও সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ।
গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। ওই আদালতের এপিপি শামসুজ্জোহা শাহানশাহ বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর এলাকায় সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডাক্তার বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে চার জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার আসামি রুহুল আমীন বাবু মৃত্যুবরণ করায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই ২ জনের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন। এদিকে রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক। এ মামলার অপর আসামি ডাক্তার আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। তবে রিভিশন নিষ্পত্তির পর বিচারকার্য পুনরায় শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
