লুট হওয়া অস্ত্র উদ্ধার গ্রেপ্তার চার

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

চায়না কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী ব্যক্তিদের ফাঁদে ফেলে অস্ত্র লুটের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এর আগে, ২৪ জুন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শর্টগান, একটি এয়ারগান, ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, একটি ওয়াকিটকি ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত একই কৌশলে সংঘটিত চারটি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের হয়।

এসব মামলার তদন্তে নেমে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটির সন্ধান পায়।

তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি অনলাইনে চায়না কোম্পানি ও বিভিন্ন ভিআইপি ব্যক্তির নিরাপত্তারক্ষী পদে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন প্রচার করত।

এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অস্ত্রের লাইসেন্সধারী চারজন ব্যক্তি পৃথকভাবে নিজেদের বৈধ অস্ত্র নিয়ে চাকরির সাক্ষাৎকার দিতে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে চক্রের সদস্যরা তাদের ভুয়া নম্বরপ্লেটযুক্ত একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে চোখণ্ডমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীদের রূপগঞ্জের ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ঘটনাগুলোর তদন্তে জেলা পুলিশের একাধিক টিম কাজ করে। অভিযানের মাধ্যমে লুট হওয়া তিনটি অস্ত্র, ৩৮ রাউন্ড গুলি ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।