নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ফেডারেল শাখা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ‘ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বর্তমান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক সৌন্দর্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক সত্তা প্রতিষ্ঠিত হয়েছে। এটিই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। দীর্ঘদিন পর আমরা এই মুক্ত বাতাসের সুবাস পাচ্ছি। নোয়াখালীর সামগ্রিক উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের অগ্রগতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা জামায়াতের আমির শিক্ষাবিধ ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো.আরিফ হোসেন, সিনিয়র তথ্য অফিসার মনির হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউসুফ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী কলেজর সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যা, সিভিল সার্জন ডা আনোয়ার হোসেন, এলজিআরডি প্রকৌশলী শেখ মাহফুজুর রহমান, গণপূর্ত অধিদফতর ও শিক্ষা প্রকৌশলী সহ সরকারের বিভিন্ন সংস্থা নিবার্হী প্রকৌশলী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্যবাহী ফল উৎসবের এই চমৎকার আয়োজনের জন্য নোয়াখালী সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। একই সাথে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।