সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুই-ই বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাহসী সাহসী সাংবাদিকতার মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই প্রশিক্ষণ সাতক্ষীরার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও বেশি সমৃদ্ধ করবে। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং জনস্বার্থে প্রচারের আহ্বান জানিয়ে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর জোর দেন। পিআইবি-এর প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান, জুলহাস কবীরসহ স্থানীয় সংবাদকর্মীরা।
সভাপতির বক্তব্যে সাহানোয়ার সাঈদ শাহীন বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মাল্টিমিডিয়া এখন বিশ্বজুড়ে সাংবাদিকতার ধরন বদলে দিচ্ছে। আমাদের দেশের মফস্বল পর্যায়ের সাংবাদিকেরাও যাতে এই বৈশ্বিক দৌড়ে পিছিয়ে না পড়েন, সেই লক্ষ্যেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন। অপতথ্য শনাক্ত করার কৌশল ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মাঠপর্যায়ের সাংবাদিকতা আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। এর আগে গত মঙ্গলবার সকালে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বক্তারা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই।
