ওসিসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৬ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে বুধবার বিকালে মামলাটি দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন।

মামলার বিবাদীরা হলেন- বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুরেজিত বড়ুয়া, এএসআই মো. ফরহাদ মিয়া, এটিএসআই সামসুজ্জামান, সদস্য মো. ফোরকান উদ্দিন ও মো. সাইদুর রহমান। এছাড়াও এ মামলায় ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল মান্নান, রবিউল হাসান, শিউলী আক্তার, শিল্পী আক্তার, মো. আক্তার হোসেন এবং পুলিশের বিভিন্ন পদবীর অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে বিবাদী করা হয়েছে। আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী লিজা আক্তারের স্বামী ইকবাল হোসেনের সঙ্গে তার ভাই মান্নানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।