মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রবিন চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এ সময় তিনি বলেন, এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ সম্পর্কে জানতে পারবেন। প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষির উন্নয়নই দেশের উন্নয়ন। এ লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন, বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, কৃষক-কৃষাণী, সাংবাদিকরা। মেলায় মোট ১৬ টি স্টল বসেছে। তিনদিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৭ জুন।