শিক্ষকদের চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে চোখের যত্ন ও সচেতনতা বাড়াতে জেলার ৯টি উপজেলা থেকে আগত ৫০ জন শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।

গতকাল শনিবার দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সেমিনার কক্ষে আন্ধেরী হেলফি বন জার্মানির সহযোগিতায় এবং গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুরের সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক সফিকুল হক ছুঠু, সাংগঠনিক সম্পাদক ডা. জনাব আলী, কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সবুর চৌধুরী, আফতাব উদ্দিন মন্ডল, আবুল কালাম ও জিয়াউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুন ইসলাম। কর্মশালার দ্বিতীয় সেশনে চক্ষুর দৃষ্টিশক্তি, অন্ধত্ব, অন্ধত্ব প্রতিরোধ, শিশুদের চক্ষুরোগের চিকিৎসা এবং প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ ইবনে মাহামুদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ ও অমূল্য সম্পদ। দৃষ্টিশক্তি কমে গেলে একজন মানুষ নানা সীমাবদ্ধতার মুখোমুখি হন এবং অন্ধত্ব মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনে।

এ কারণে সবার চোখের যথাযথ যত্ন নেওয়া জরুরি। প্রশিক্ষণে দিনাজপুর জেলার কাহারোল, পার্বতীপুর, বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলার ৫০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।