‘রংপুর বিভাগে ৫টি প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট প্রক্রিয়াধীন’

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেছেন, রংপুর বিভাগে ৫টি প্রত্মতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট প্রক্রিয়াধীন রয়েছে। ধীরে ধীরে এর সংখ্যা বৃদ্ধি পাবে। ইতিহাস-ঐতিহ্যে ঘেরা প্রত্মতাত্ত্বিক স্থান সংরক্ষণে অনুসন্ধান, জরিপ ও খনন কার্যক্রম চলমান রয়েছে। আঞ্চলিক অফিসের কর্মকর্তারা নতুন সাইটের প্রতিবেদন তৈরিসহ জমি-জমা সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকদের কাছ থেকে প্রতিবেদন নিয়ে প্রত্মতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে কাজ করছেন।

শনিবার সকালে রংপুর তাজহাট জমিদার বাড়িতে রংপুর জাদুঘর- ‘বাস্তবতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারাদেশে প্রত্মতাত্ত্বিক স্থানগুলো অনুসন্ধান, জরিপের পর খনন কার্যক্রম চলমান রয়েছে। রংপুর আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার পর থেকে এর কার্যক্রম বেগবান হয়েছে।

আশা করছি রংপুরের যেসকল প্রত্মতাত্ত্বিক স্থান রয়েছে সবগুলো পর্যায়ক্রমে সংরক্ষিত করা হবে। এর আগে তাজহাট জমিদার বাড়ি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুর প্রত্মতত্ত্ব অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান ও রংপুর আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ। এ সময় রংপুর অঞ্চলের প্রত্মতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণ ও উন্নয়নে অধিদপ্তরের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। রংপুর জাদুঘরের আয়োজনে এতে দর্শনার্থী, টুরিস্ট পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।