নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু সাইদুল ইসলামের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী রকেটঘাট সংলগ্ন কঁচা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখালী রকেটঘাট এলাকায় গোসল করতে নেমে সাইদুল ইসলাম (৮) নিখোঁজ হয়। সে হাফিজুর রহমানের ছেলে। সাইদুলের বাবা-মা গার্মেন্টসে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় সে তার দাদা মাহবুব গাজীর সঙ্গে গ্রামের বাড়িতে থাকত।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি।

পরে শনিবার সকালে বরিশাল রিভার ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলের কাছেই নদীতে শিশুর লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল হুদা নয়ন জানান, খবর পেয়ে শুক্রবারই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

শনিবার সকালে বরিশাল রিভার ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেয়।