কুমারখালীতে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কালী নদী থেকে রাফিদ হাসান কনক নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লালন শাহ মাজার মাঠসংলগ্ন লালন দিঘীর রানী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাইয়ূম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল প্রায় ৮টার দিকে কুমারখালীর লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি কুমারখালী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।