ভারতীয় বাসমতি চাল জব্দ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার মদন মোড় এলাকায় চোরাকারবারি হিসেবে অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তাঁর গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।