সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশব্যাপী গতকাল রোববার একযোগে অনুষ্ঠিত হয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এটি চালু করা হবে। গতকাল রোববার গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দেশের সকল নাগরিকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি উপজেলা কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। আর গোপালগঞ্জকে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য হাবে পরিণত করা হবে। এর আগে প্রধান অতিথি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের সূচনা করেন। ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ : ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গতকাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামের জটিলতা কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, অতীতে সরকারি উদ্যোগে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে তা ব্যাহত হয়। ফলে দেশে হামের সংক্রমণ বেড়েছে এবং অবহেলার কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে এবং হামের জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।
প্রশাসক জানান, এবার সিটি করপোরেশন এলাকার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়।
চট্টগ্রাম : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইমাম হোসেন রানা। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, গুরুত্ব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়র জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের সাতটি ইপিআই জোনের আওতায় ১ হাজার ৩২১টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের চিফ অব ফিল্ড অফিস মিসেস মাধুরী ব্যানার্জী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম ও ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের নিউট্রিশন অফিসার ডা. উবা সুই চৌধুরী, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
পাবনা : সারা দেশের মতো পাবনাতেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল পাবনা পৌরসভা চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পৌর প্রশাসক, ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।সিভিল সার্জন অফিসের সুত্র জানায়, পাবনা জেলার ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১৯৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যামাত্রা নির্ধারণ করা হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক?্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ইপিআই টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ?্য সহকারীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার ২০টি ইউনিয়নের ৪৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির ১২১টি কেন্দ্রে শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজার ৪৭৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১২১ টি কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হিমেল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, নাজমুল হকস প্রমুখ।
উখিয়া (কক্সবাজার) :কক্সবাজারের উখিয়ায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ১২১টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্থানীয় শিশুদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরের শিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৩ হাজার ৩৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হয়। বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যকর্মীরা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহসান উল্লাহ সিকদার জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলের সহযোগিতায় উখিয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা প্রায় পুরোপুরি অর্জনের মাধ্যমে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানায়, ক্যাম্পেইন চলাকালে কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে এবারের কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে।
