ঠাকুরগাঁওয়ে সাত দিনের ব্যবধানে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

বিভিন্ন উপজেলায় এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃর্শে, ড্রাম বিস্ফোরণ, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যাসহ পৃথক সাতটি ঘটনায় আটজনের মৃত্যু হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা ও একটি সড়ক দুর্ঘটনার মামলা হয়। প্রতিটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জেলা অডিটোরিয়ামের পেছন থেকে ২৬ জুন সকালে দিনাজপুরের বাসিন্দা রুমন হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী শ্যামলী খাতুনের দাবি, মরদেহের কাঁধ ও হাতে পোড়ার দাগ ছিল। পরিবারের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃর্শ হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন সদর উপজেলার সারালী বেলতলা বাজারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি ড্রাম বিস্ফোরিত হলে নিশিকান্ত রায় (৩০) গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রামের ভেতরে থাকা দাহ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। বালিয়াডাঙ্গী উপজেলার লালপুকুর এলাকায় ২৭ জুন বিকেলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে সুধো বালা (৫৫) নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে বীর সিংহ (২৪) মারা যান। দুর্ঘটনায় আহত মেজানি বালা (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আসামি করে মামলা হয়েছে। পীরগঞ্জ উপজেলার করনাই এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাফিছা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।