মাদক ও সামাজিক অবক্ষয় রুখতে আইনের সংশোধন দাবি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন সমাজ সংস্কার ফোরামের উদ্যোগে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাদককে তরুণ প্রজন্মের জন্য প্রধান হুমকি আখ্যায়িত করে সমাজ থেকে এর মূলোৎপাটনে প্রশাসন ও সুধী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুর রহমান।

তিনি মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে আইন সংশোধন করে আরও কঠিন সাজার ব্যবস্থা করতে হবে। সমাজ সংস্কার ফোরামের মাধ্যমে মুরাদনগরসহ দেশের সর্বত্র মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মাওলানা সাইদুল ইসলাম ও ডাঃ মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রীকাইল কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মোমেন, সাবেক সভাপতি আলমগীর সরকার, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর।

আইনশৃঙ্খলা ও সচেতনতা রক্ষায় মাঠপর্যায়ের চিত্র তুলে ধরে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল ও বাঙ্গরা বাজার থানার সেকেন্ড অফিসার মোঃ নুরুল ইসলাম।