চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান মোল্লাকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালান। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ সহকর্মীরা তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি বাড়ি না ফেরায় গতকাল সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মান্নানের বলে শনাক্ত করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালক মান্নানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
