চুয়েটে বিদায়ী অনুষ্ঠান

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত সংকটের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় উন্নয়ন হতে হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব। অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তা ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য রক্ষা করবে। তিনি আরও বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু রাস্তা, সেতু বা ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন স্মার্ট সিটি, জলবায়ু সহনশীল অবকাঠামো, গ্রিন বিল্ডিং, নবায়নযোগ্য জ্বালানি সংযুক্ত অবকাঠামো, দুর্যোগ-সহনশীল নগর পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই একজন আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পরিবেশ সচেতনতা, নৈতিকতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হতে হবে। গতকাল সোমবার দুপুরে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আায়োজিত পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।