সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের জব্দকৃত ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ এর মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করছে।তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

পরে প্রধান অতিথি নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অভিযানে ৪৮ জন আসামিসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। তিনি আরও জানান, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল বিভিন্ন ধরনের মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমগোত্রীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯ পিস বিড়ি-সিগারেট, ৩৩ দশমিক ৪০০ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ঔষধ, ৩৫ কেজি তামাকের গুড়া, লিকুইড সীসা ২ বোতল ও মাদক তৈরির উপকরণ ১০০ কেজি বট পাতা। এছাড়াও ধ্বংস করা হয়েছে ভয়ংকর মাদক এলএসডি, ক্রিস্টাল মেথ আইস/আইস মেথ এবং আফিম তৈরির রাসায়নিক। বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার কৃত মাদকদ্রব্যর মূল্য ছিল ৭৩ কোটি ৭৫ লাখ টাকা।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।