‘সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়’
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। বেকার যুবক যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রতি মাসে ইউনিয়ন ভিত্তিক একটি করে মাদকবিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন।
সভায় অন্যান্যেরা মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, সাংবাদিক আল-আমিন দেওয়ান প্রমুখ।
