শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা সভা

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রংপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর-এর আয়োজনে নগরীর মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। বর্তমান প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকর দিক, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক প্রভাব, স্বাস্থ্যগত ঝুঁকি এবং মাদক থেকে দূরে থাকার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথে তারা নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করছে। মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।