ভাণ্ডারিয়া পৌরসভার বাজেট ঘোষণা
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১শ ২২ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৫৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিবেশ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হসান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, পৌরসভার নিজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৩৬০ টাকা। এর মধ্যে কর, রেইট, ফি এবং অন্যান্য খাত থেকে এ আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের ক্ষেত্রে সাধারণ প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের জন্য ৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১০১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৬৫ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অর্থবছর শেষে ৬ কোটি ৩৮ লক্ষ ৮৯২ টাকা সমাপনী স্থিতি রাখার পরিকল্পনা করা হয়েছে। ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
