কুকুরকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়া মহানগরীর কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার ঘটনায় এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বকশিবাজার এলাকা থেকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন প্রাণী নির্যাতনের অভিযোগে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার মো. স্বপন নগরীর রহমাননগর কাজী খানা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের পথ কুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। বাদীর অভিযোগ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন , স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।