ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নূরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং লাশ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনম ইলিয়াস এ রায় দেন।
দণ্ডিত নূরনবী গোপালপুরের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় নূরনবী আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিন-এর নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নূরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের লাশ উদ্ধার করে পুলিশ। গত বছরের ২৭ মে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা নূরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
