সিরাজগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা খুশি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার মৌসূমি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে এ জেলায় ১৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এ কর্মসূচি নেয়া হয়েছে। মৌসূমি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি ঘটবে।
এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী অফিসার মামুন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা, উপজেলা কৃষি অফিসার এস. এম. নাসিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা টি এম শাহাদত হোসেন ঠান্ডু প্রমূখ। এ সময় অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপজেলার ১০ টি ইউনিয়নের ২ হাজার ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে এবং প্রথম পর্যায়ে এ কর্মসূচিতে সিরাজগঞ্জ পৌরসভা, শিয়ালকোল, সয়দাবাদ, খোকশাবাড়ি ও বহুলী ইউনিয়নের ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য এ সার বীজ বিতরণ করা হয় এবং পরবর্তীতে অনান্য ইউনিয়নে ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
