১৯ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গী সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিনের পলাতক এই দুর্ধর্ষ অপরাধীর গ্রেপ্তারের খবরে মোগরাপাড়া চৌরাস্তার দোকানপাট ও আশেপাশের এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার একটি চৌকস দল গত ৩০ জুন রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের এই দলটি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলাতেই সে সরাসরি এজাহারভুক্ত আসামি।

ওসি আরও বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কুখ্যাত এই ডাকাত সর্দার এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। বর্তমানে ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।