কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও আমন ধানের বীজ বিতরণের মাধ্যমে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার, আমন ধানের বীজ ও মরিচের বীজ বিতরণ করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা জানান, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সারসহ জনপ্রতি ২৫ কেজি করে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
