দুর্গাপুরে ব্রিজ নির্মাণের দাবি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর বিশ্বনাথপুর গ্রামের প্রায় ২৬ বছরের পুরোনো ধ্বসে পড়া কালভার্টের স্থানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উত্তর বিশ্বনাথপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ২৬ বছর আগে নির্মিত কালভার্টটি ধ্বসে পড়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াসহ প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধ্বসে পড়া কালভার্টের স্থানে একটি টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় মুরুব্বি বাদশা মিয়া জানান, নেত্রকোনা -১ আসনের এমপি ও ডেপুটি স্পিকার মহোদয় আমাদের এ ব্রিজটি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাচ্ছি। আশা করি তিনি কৃষকের সন্তান হিসেবে আমাদের মনের কথা বুঝে তিনি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ করে দিবেন। এসময় বিএনপি নেতা আব্দুল হাই, বাদশা মিয়া, আব্দুর রশীদ সহ স্থানীয় অসংখ্য গন্যমান্য ও এলাকার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।
