মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুরে একটি মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম সঞ্জিব সরকার (৩০)। তিনি উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। গতকাল বুধবার ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘের থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সঞ্জিব সরকার বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা তার নিজস্ব মাছের ঘেরে লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে জানায়।

নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্যত্র সঞ্জিবকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে তার লাশ নিজস্ব মাছের ঘেরের সামনে ফেলে রেখে যায়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।