সাতক্ষীরার টেকসই উন্নয়ন নিশ্চিতে স্মারকলিপি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং শহরের জলবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক কমিটি। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক কক্ষে হাবিবুল ইসলাম হাবিবের কাছে ২১ দফা দাবী সম্বলিত এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক নেতা কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, কণ্ঠশিল্পী আবু আরফান রোজ বাবু, সুশীলনের উপ-পরিচালক জি.এম মনিরুজ্জামান ও বাইজিদ হোসেন প্রমুখ।

সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এবং ভৌগোলিক ঝুঁকি দূর করতে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলামের হাবিব অবিলম্বে এই ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে নাগরিক নেতারা এসময় আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগেই যেন উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ারও দাবী জানানো হয়। জেলা নাগরিক কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে, সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা করা, টেকসই উন্নয়নের জন্য “সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়” গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ (বর্তমান সেশন) থেকেই দ্রুত চালু করা, সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করা, এছাড়া শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-নবমুখী-চুকনগর-সাতক্ষীরা সড়ক নির্মাণ করা।