দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারকে আর্থিক সহায়তা
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মধ্যে মোট ৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
একই দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে সংসদ সদস্য মাজেদুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করেন, এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
