‘দৌলতদিয়া ফেরিঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে’

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রতিটি ঘাটে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ঘাট ও সংযোগ সড়কের সার্বক্ষণিক নজরদারির জন্য একটি আধুনিক কন্ট্রোল রুমও নির্মাণ করা হবে।

গত বুধবার দৌলতদিয়া নির্মাণাধীন ৫ নম্বর ফেরিঘাট ও ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীবাহী বাসের ওঠানামা নিয়ন্ত্রণে ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মুখে স্থায়ী ব্যারিকেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। অধিকাংশ ঘাটেই মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। এছাড়া প্রতিটি ঘাটের ভেতর ও মূল সড়কে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হবে, যাতে সার্বক্ষণিক মনিটরিং করা যায়। এ লক্ষ্যে একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হবে।

তিনি বলেন, আমরা চাই দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হোক। এখানে যেসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে, সেগুলোকে নিজেদের সম্পদ মনে করে সবাই রক্ষা করবেন। সরকার ঘাটকে মানুষের জন্য আরও নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিদায়ক করে গড়ে তুলতে কাজ করছে।

ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছেন। তিনি জানান, বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৬৩ সাল থেকেই ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে বাঁশ ব্যবহারের প্রচলন রয়েছে। কাজের শিডিউলেও বাঁশ ব্যবহারের নির্দেশনা রয়েছে। নদীভাঙনপ্রবণ এলাকায় রড ব্যবহার উপযোগী নয় এবং বাঁশ দিয়ে নির্মাণে কারিগরি কোনো সমস্যা হয় না। রাজিব আহসান বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত একটি পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ায় সরকার বিব্রত হয়েছে। ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করার আহ্বান জানাই। তিনি আরও জানান, ভবিষ্যতে ঘাটে যেকোনো উন্নয়নকাজের ক্ষেত্রে বিস্তারিত তথ্যসংবলিত সাইনবোর্ড টাঙানো হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাটে দুটি বাস দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন নিরাপত্তা ব্যবস্থাগুলো বাস্তবায়িত হলে ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে।