রায়পুরে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল শুক্রবার সকাল ১১টায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার মোট ৬ হাজার ৯৩০ জন কৃষক ও কৃষাণীর মধ্যে বিভিন্ন ধরনের বীজ, সার, ফলদ গাছের চারা, লেবুর চারা এবং বালাইনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এরমধ্যে হাইব্রিড মরিচ উৎপাদন কর্মসূচির আওতায় ১০০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও এক প্যাকেট বালাইনাশক দেওয়া হয়। রোপা আমন উৎপাদন কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ জন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২ হাজার ৫০৫ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, কাঁঠাল, জাম, জলপাই, কদবেল, বেল, অর্জুন, আমলকি, সুপারি ও নিমসহ ১০ হাজার ২৫০টি ফলদ ও বনজ গাছের চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়। অন্যদিকে ৪০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে লেবুর চারা, জৈব সার ও মোট ২০০টি লেবুর চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বিভিন্ন জাতের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।