সৌদিতে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

নিহত হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

গত শুক্রবার বাংলাদেশ সময় রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা যায় , প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান হানিফ। মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ করতে যান তিনি। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত হানিফ এর পরিবার থেকে আরও জানান, তাদের দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকাহত।

হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।