প্লাস্টিকের বোতলে গ্যাস বিস্ফোরণে যুবক আহত
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস বহনের সময় বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকার মোবাইল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়।
আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। বাস স্ট্যান্ডে উপস্থিত থাকা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকার একটি ফার্মেসি থেকে ৪০০ টাকা দিয়ে একটি সেভেন আপের প্লাস্টিকের বোতলে নাইট্রোজেন গ্যাস কেনেন আব্দুল খালেক। বোতলটি হাতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি ও আঙুলে গুরুতর জখম হয়। স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক বলেন, অসহ্য গরম থেকে বাঁচতে শরীর ঠান্ডা করার জন্য ওই দোকান থেকে গ্যাসটি কিনেছিলাম। কিন্তু প্লাস্টিকের বোতলে এটি বহন করা যে এত ঝুঁকিপূর্ণ, তা আমার জানা ছিল না। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্তজা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আসলেই কি বিস্ফোরণ না অন্য কিছু। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, বিস্ফোরণে ওই যুবকের ডান হাতে গভীর ক্ষত হয়েছে। তার চিকিৎসা চলছে।
