ভালুকায় নাগরিক সেবায় গতি ফিরেছে

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শাহ মো. হাছান, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবায় দৃশ্যমান গতি এসেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগে স্থানীয়দের মধ্যে তিনি জনবান্ধব প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছেন।

২০২৫ সালের জুন মাসে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেন। তাঁর তত্ত্বাবধানে সড়ক ও ড্রেন নির্মাণ এবং সংস্কারকাজ জোরদার করা হয়েছে। পৌর বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয়েছে ফুটপাত। ফল বিক্রেতাদের জন্য গড়ে তোলা হয়েছে পৃথক পৌর ফল মার্কেট। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট।

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্তমানে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌরবাসীর নাগরিক সেবার পরিধি ও মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌর প্রশাসকের নিয়মিত তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর উদ্যোগের ফলে উন্নয়নকাজে গতি এসেছে। এতে নাগরিক ভোগান্তি কমার পাশাপাশি পৌরসভার সেবার মানেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তাদের অভিমত।