পূর্বধলার সমস্যা-সম্ভাবনা নিয়ে ডিসির মতবিনিময়
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
জলাবদ্ধতা, ভাঙাচোরা ও নাজুক সড়ক, বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, পর্যটন সম্ভাবনার বিকাশ, কৃষি সহ জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ সড়কের সংস্কার, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, দর্শনীয় স্থানগুলোকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি সেবার মান আরও বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বাস্তবসম্মত ও টেকসই সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আলোচনায় উঠে আসা সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে পূর্বধলার উন্নয়ন কার্যক্রম
আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।
