থ্রি-পিস পরে নেচে বহিষ্কার হলেন বিএনপি নেতা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উদযাপনে নারীদের পোশাক ‘থ্রি-পিস’ পরে নৃত্য করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। গতকাল রোববার সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিলের বিজয় উদযাপন করতে যান খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। এ সময় তিনি নারীদের পোশাক থ্রি-পিস পরে অদ্ভুত ভঙ্গিতে নাচণ্ডগান করে আনন্দ প্রকাশ করেন। পরবর্তীতে সেই নাচের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুন্ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে বহিষ্কৃত বিএনপি নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টু জানান, চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় তিনি একজন ব্রাজিলের সমর্থক। সেই খেলায় ব্রাজিল জয়লাভ করলে তিনি আনন্দ উপভোগ করেছেন। আনন্দ উপভোগ করা যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় তাহলে এ বিষয়ে তার কিছু বলার নেই । মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল রোববার সকাল থেকেই এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
