কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশ

বললেন নুরুল হক নুর

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশ। আমাদের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই বেকারত্ব কমবে।” গত রবিবার বিকাল ৫টায় তিনি বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার - টিটিসি পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বরিশাল টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির এবং বরিশাল মহিলা টিটিসির অধ্যক্ষ আহমদ আল ইমরান। এসময় তিনি প্রতিষ্ঠানটির ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও অটোমোবাইল ট্রেডের কার্যক্রম ঘুরে দেখেন। পরে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে নুরুল হক নুর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য ভাষা ও স্কিল ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। তাহলে রেমিট্যান্সও বাড়বে, মানুষও সম্মান নিয়ে কাজ করতে পারবে। টিটিসিগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মান বাড়াতে সরকার কাজ করছে।”

এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনের সময় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা অনুষ্ঠান পরিচালনা করেন টিটিসি ইংরেজী প্রফেসর সিহাব উর রহমান গাজী।