নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ জরিমানা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেসরকারি হাসপাতালে পরিচালিত যৌথ অভিযানে দুই হাসপাতালকে ১৫ দিনের জন্য কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে নাবিলা হসপিটালে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নার্স ও লেবার রুম না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হলি কেয়ার হাসপাতালে লেবার রুম ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালসংলগ্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, অভিযানে হাসপাতাল দুটির বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
