দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে। গতকল মঙ্গলবার সকাল এগারটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। এতে জোরালো দাবি ওঠে পার্বত্য মন্ত্রনালয়ে মন্ত্রী পদে অ্যাড. দীপেন দেওয়ান এমপিকে পুর্নবহাল করার।
মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অব. মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, ও সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা ও নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার প্রমুখ।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। মানববন্ধনে বিপুল সংখ্যক পাহাড়ি বাঙালি নারী পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।
