টিসিবি ডিলারদের মানববন্ধন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, টিসিবি ডিলারদের বাঁচার অধিকার এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের নবায়নযোগ্য সব টিসিবি ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা।
গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধনে তারা ‘ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, টিসিবি ডিলারদের বাঁচার অধিকারসহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নযোগ্য ডিলারদের বিষয়ে সুস্পষ্ট সুপারিশ থাকা সত্ত্বেও এখনও তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তারা দ্রুত নবায়নযোগ্য সব ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের জীবিকা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
