অস্ত্রোপচার ছাড়াই শিশুর পাকস্থলী থেকে কয়েন অপসারণ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন ৭ বছর বয়সী এক শিশুর পাকস্থলী থেকে অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতিতে কয়েনটি বের করে আনার পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। গতকাল বুধবার সকালে ফরিদপুরের হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এন্ডোস্কোপির মাধ্যমে শিশুটির পাকস্থলী থেকে পাঁচ টাকার কয়েনটি সফলভাবে বের করা হয়। শিশুটির নাম অলিপ (৭)।

সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত অলিপ কয়েনটি গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার পাকস্থলীতে কয়েনটি আটকে থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম এন্ডোস্কোপির মাধ্যমে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই কয়েনটি অপসারণ করে। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডা. নিমাই দাস বলেন, আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির মাধ্যমে পাকস্থলী বা খাদ্যনালিতে আটকে থাকা বিভিন্ন বিদেশি বস্তু নিরাপদ ও তুলনামূলক কম ঝুঁকিতে অপসারণ করা সম্ভব হচ্ছে। তবে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের নাগালের বাইরে কয়েন, ব্যাটারি, পিনসহ ছোট বস্তু রাখার পরামর্শ দেন তিনি। শিশুটির বাবা সুজন শেখ বলেন, ছেলে কয়েন গিলে ফেলায় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।