পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার আভাস

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধির কারণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন খাল, নদী ও জলাশয়ের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে পৌরসভা, সদর ইউনিয়ন, উজানটিয়া, টইটং, রাজাখালী, শিলখালী, বারবাকিয়া ও মগনামা ইউনিয়নের নিচু এলাকাগুলোতে পানি জমে জনদুর্ভোগ বাড়ছে। অনেক স্থানে খাল ও ড্রেনের পানি উপচে সড়কে উঠে এসেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। এদিকে, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী এলাকাগুলোতে ভাঙন ও প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বন্যা হলে আমন ধানের বীজতলা, শাকসবজির ক্ষেত এবং বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পাশাপাশি চিংড়ি ও মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কায় রয়েছেন মৎস্যচাষিরা। নিম্নাঞ্চলের বাসিন্দারা জানান, পানি আরও বাড়লে অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হতে পারে। অতীতের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুত এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রফিকুল ইসলাম বলেন, উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ার ঝুকিপূর্ণ বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব আমরা সংস্কারের চেষ্টা করছি। সেইসঙ্গে উপজেলার বেশ কিছু প্লাবিত স্থান পরিদর্শক করেছি।