এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর পাবনা জেলা (পাবনা ও সিরাজগঞ্জ জেলা) গবাদিপশুর জাত উন্নয়নসংক্রান্ত সরকারি কৃত্রিম প্রজনন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাবনার ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডে অবস্থিত বৃহত্তর পাবনা জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মুখে

বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, বৃহত্তর পাবনা জেলা শাখার উদ্যোগে অবস্থান ধর্মঘট ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারি বেতন-ভাতার রাজস্ব খাতের আওতায় আনার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে। বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি সংগঠনের পাবনা জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা সভাপতি আলহাজ্ব সাহাবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।