দুই বাসের সংঘর্ষে নিহত দুই, আহত ২০

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার ডুবাঐ এলাকায় ভারী বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা ও ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম (৫০) এবং এক অজ্ঞাতপরিচয় যাত্রী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।