হাসপাতালের তিন দালালের জরিমানা

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ নারী দালালকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না- এ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মিদুল, নাছির উদ্দীন ও জুবায়েরকে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ছাবিনা, মোমেনা, ফাতেমা খাতুন, রেনু ও রেজিয়াকে ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি করবেন না- এ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান সরকারি হাসপাতালের সেবা নির্বিঘ্ন করতে এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।