থানা হাজত থেকে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে রুবেল মিয়া (২২) নামে এক মাদকের আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিকলী থানার হাজতখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বাবার করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়।

ওসি আরও জানান, পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিল ও গলার সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, আমার ছেলে এই বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠাই।