রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর আড়াইটায় নগরীর রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

এছাড়া বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে নেতারা সমাবেশ সফল করতে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।